বায়ুদূষণে ঢাকা ফের শীর্ষে

বায়ুদূষণে বিশ্বে শীর্ষস্থান পেয়েছে রাজধানী ঢাকা।
বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে ঢাকায় বায়ূদূষণের মাত্রা ছিল ২৪১, যা তখনকার জন্য বিশ্বের মধ্যে ছিল সর্বোচ্চ। আর দ্বিতীয় অবস্থানে ছিল চীনের উহান ও কাজাকিস্তানের নুর সুলতান শহর।
সেসব দেশে দূষণের মাত্রা ছিল যথাক্রমে ২৩১ ও ২২৯।
বিশেষজ্ঞরা বলছেন, একিউআই স্কোর অনুযায়ী বাতাসে দূষণের মাত্রা ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে জরুরি অবস্থার মধ্যে পড়ে। তাতে প্রবীণ ও শিশুসহ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। এ অবস্থায় বাড়ির বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণাসহ ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকা দূষণের শীর্ষে চলে গেছে। এর মধ্যে শিল্পকারখানার ধোয়া, রাস্তা নির্মাণ ও মেরামত, ভবন নির্মাণ ও মেট্রোরেলের কার্যক্রম এসব কারণে বাতাসে দূষণের মাত্রা বাড়ছে।
বায়ু গবেষণা প্রতিষ্ঠান ক্যাপস বলছে, রাজধানীর মধ্যে সবচেয়ে বেশি দূষণ তেজগাঁও এলাকায়। যেখানে ঘনত্ব বাংলাদেশের নির্ধারিত মান থেকে ৪.৬৪ গুণ বেশি এবং তুলনামূলক কম দূষিত সংসদ এলাকা যেখানে দূষণের মান ৩.৫৯ গুণ বেশি। অন্যদিকে তেজগাঁও, আগারগাঁও, মিরপুর-১০, গুলশান-২, শাহবাগ, ধানমন্ডি-৩২ এবং আবদুল্লাহপুর এলাকায় গড় মাসিক পিএম ২.৫ এর ঘনত্ব বেশি।
জরিপে বলা হচ্ছে, ২০২০ সালের জানুয়ারিতে বায়ুমান সূচকের (একিউআই) গড় মাত্রা ছিল ২৩৫ দশমিক ১। ২০২১ সালের জানুয়ারিতে বেড়ে দাঁড়ায় ২৬১ দশমিক ৬; যা দুই বছরের হিসাবে ১১ দশমিক ৩ ভাগ বেশি। একইভাবে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ছিল ২২০ দশমিক ৫। ২০২১ সালে বেড়ে হয়েছে ২৩১ দশমিক ৪।










