হাওয়াইয়ানকে অধিগ্রহণ করছে আলাস্কা এয়ারলাইনস

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পরিষেবা কোম্পানি হাওয়াইয়ান হোল্ডিংস ইনকরপোরেশনকে অধিগ্রহণ করতে যাচ্ছে দেশটির অন্য কোম্পানি আলাস্কা এয়ার গ্রুপ। এতে ১৯০ কোটি ডলার খরচ করতে হচ্ছে আলাস্কা এয়ারকে। সম্প্রতি কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আলাস্কা এয়ার গ্রুপ জানায়, তারা শেয়ারপ্রতি ১৮ ডলার নগদ অর্থ প্রদান করবে।
মাউই দ্বীপে দাবানল, উচ্চ জ্বালানি খরচ ও হাওয়াইয়ের কিছু এয়ারবাস এসই প্লেনে জেট ইঞ্জিন প্রত্যাহারের মতো বিষয়গুলো গত ১২ মাসে হাওয়াইয়ানের বড় লোকসান ও শেয়ারের মূল্য হ্রাসে ভূমিকা রেখেছে।
২০২৩ সালের প্রথম ৯ মাসে হাওয়াইয়ান নিট লোকসান করেছে ১৫ কোটি ৯৩ লাখ ডলার, যা এক বছর আগে ছিল ১৮ কোটি ৯৯ লাখ ডলার। সে হিসাবে লোকসানের পরিমাণ কিছুটা কমেছে।
হাওয়াইয়ের মাউই দাবানলের কারণে ওই অঞ্চলে উড়োজাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমেছে। পাশাপাশি জেট ফুয়েল খরচ ৪ শতাংশ বেড়ে যাওয়ায় লোকসানের পরিমাণ আরো বেড়েছে। এছাড়া আরটিএক্স করপোরেশনের প্র্যাট অ্যান্ড হুইটনি নির্মিত ইঞ্জিনের সমস্যা এ লোকসান বাড়াতে ভূমিকা রেখেছে।
আলাস্কা এয়ার এক বিনিয়োগ প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক লোকসান বাদ দিলে ২০১০-১৯ সালের মধ্যে হাওয়াইয়ের ব্যবসায় মুনাফা করার দীর্ঘ ইতিহাস রয়েছে।
কোম্পানিটি আশার কথা জানিয়েছে আলাস্কা এয়ারের জন্য। সাম্প্রতিক চুক্তির ফলে দীর্ঘমেয়াদি ব্যালেন্স শিটে কোনো প্রভাব ফেলবে না, বরং প্রথম দুই বছরের মধ্যে উচ্চ একক অংকের আয় করবে আলাস্কা এয়ারলাইনস।
২০১৬ সালে ভার্জিন আমেরিকা অধিগ্রহণের পর উত্তরাধিকারসূত্রে পাওয়া এয়ারবাস উড়োজাহাজগুলো বাদ দেয় আলাস্কা এয়ার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ থেকে শুধু বোয়িং কোম্পানির ৭৩৭ উড়োজাহাজ পরিচালনা করছে কোম্পানিটি।
আলাস্কা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন মিনিকুচি জানান, কোম্পানি আপাতত যৌথ বহরগুলো পরিচালনা করবে। এটি সিয়াটেলভিত্তিক হবে এবং আলাস্কা এয়ারলাইনসের গুরুত্বপূর্ণ হাব হয়ে উঠবে হনুলুলু।
-B










