খুলে দেওয়া হলো আলেপ্পো বিমানবন্দের

সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর শুক্রবার (১০ মার্চ)খুলে দেওয়া হয়েছে। ৯ মার্চ, বৃহস্পতিবার সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা পরিবহন মন্ত্রণালয়ের একটি বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।
সানা জানিয়েছে, ১০ মার্চ, শুক্রবার সকাল থেকে আলেপ্পো বিমানবন্দরের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে। ইসরায়েলি হামলার কারণে আন্তর্জাতিক এই বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় সকল উড়োজাহাজ সংস্থাকে ফ্লাইটের সময় পুনঃনির্ধারণ করার আহ্বান জানিয়েছে। এছাড়া আলেপ্পো বিমানবন্দর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণবাহী উড়োজাহাজ গ্রহণের জন্যও প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, এই হামলার ফলে গত মাসের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য বহনকারী ফ্লাইটগুলোকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। তাদের ভিন্ন পথ ব্যবহার করতে হয়েছে। তবে ইসরায়েলি হামলায় বিমানবন্দরের ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিরীয় কর্তৃপক্ষ।
অবশ্য এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
-B










