শীঘ্রই সকল ইমিগ্রেশন খুলে দেয়া হবে: দোরাইস্বামী

‘মহামারী করোনাভাইরাস সংক্রমণের হার যেহেতু কমেছে, তাই পাসপোর্টধারী যাত্রীদের জন্য শীঘ্রই ভারতের সকল ইমিগ্রেশন খুলে দেয়া হবে’ বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাবার ক্ষেত্রে সড়ক দুই লেনে উন্নীতকরণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আজ রবিবার ( ২৭ ফেব্রুয়ারী)সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী উপ-দূতাবাসের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। স্বাগত বক্তব্য দেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু।
পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। এসময় উপস্থিত ছিলেন সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসনের সভাপতি হারুন অর রশিদসহ নেতৃবৃন্দ।
সভা শেষে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন ভারতীয় হাইকমিশনার।
-B










