বাংলাদেশে দূতাবাস চালু করতে যাচ্ছে আর্জেন্টিনা

বাংলাদেশে আবারও দূতাবাস চালু করতে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এই ঘোষণা দিয়েছেন।
সোমবার (১২ ডিসেম্বর)এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আর্জেন্টিনা বাংলাদেশে আবারও দূতাবাস খোলার পরিকল্পনা নিয়েছে, যা ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে। তিনি বলেন, চলতি বছর আগস্টে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার চুক্তির পক্ষের ১০ম পর্যালোচনা সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে একটি বৈঠক করেছি। টুইটারে ড. মোমেনের সাথে নিজের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
বিশাল দক্ষিণ আমেরিকায় বাংলাদেশ মিশনের সংখ্যা খুবই সীমিত। বর্তমানে ব্রাজিলে একটি দূতাবাস রয়েছে। বাংলাদেশেও ব্রাজিলের ছোট আকারের একটি দূতাবাস রয়েছে।
ফুটবল বিশ্বে ব্রাজিল ও আর্জেন্টিনার ব্যাপক সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। চলতি বছর কাতার বিশ্বকাপে বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিশ্বে আর্জেন্টিনার পর বাংলাদেশেই দলটির দ্বিতীয় সর্বোচ্চ সমর্থক রয়েছে। আর এ ব্যাপারটিকে ইতিবাচকভাবে নিয়ে আর্জেন্টিনার কোচ, মেসির স্ত্রীসহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
-B










