টিকা বাধ্যতামূলক জেরে অটোয়ায় জরুরি অবস্থা জারি

সপ্তাহব্যাপী ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র জিম ওয়াটসন। মহামারির কারণে দেশটিতে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করছেন ট্রাকচালকরা।
গত মাসে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত পারাপারে ট্রাকচালকদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হলে সরকারি এ আদেশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ট্রাকচালকেরা।
অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেছেন, ‘বিক্ষোভকারীদের কারণে গোটা শহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীরা সংখ্যায় পুলিশের চেয়ে বেশি হয়ে গেছে। বিক্ষোভ নগরবাসীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
তবে, এ জরুরি অবস্থা কতদিন বা কতক্ষণ থাকবে তা নির্দিষ্ট করে বলেননি মেয়র জিম ওয়াটসন। যারা আন্দোলনকারীদের সহায়তা করছেন তাদেরকে আটক করা হতে পারে এবং নিরাপত্তাকাজে ও জরুরি বিভাগে নিয়োজিতেরা প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে পারবেন বলে জানান মেয়র।
অটোয়ার মূল মূল সড়কে ট্রাক রেখে সড়ক আটকে ব্যারিকেড গড়ে তুলে আন্দোলন করছেন ট্রাকচালকেরা। এ ব্যারিকেডকে ‘ফ্রিডম কনভয়’ বলছেন আন্দোলনকারীরা।
-B










