টিকিট সিন্ডিকেট বন্ধের দাবি আটাবের

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের জন্য এয়ার টিকিটের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ও টিকিট সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব)।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আটাব সাধারণ সদস্যদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটাবের সাবেক সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, গত অক্টোবর ২০২১ থেকে এই সঙ্কটময় অবস্থা শুরু হয়ে চলতি মাসে টিকিট মূল্য সর্বকালের রেকর্ড অতিবাহিত করছে। রিয়াদ, জেদ্দা, মাস্কাট ও দুবাই সেক্টরের ইকোনমি ক্লাসের স্বাভাবিক একমুখী ভাড়া ৩০ থেকে ৩৫ হাজার টাকা হলেও এখন এক লাখ টাকা থেকে এক লাখ ৩০ হাজার টাকায় চলে এসেছে। এত বেশি টাকা দিয়েও এখন টিকিট পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, টিকিটের মূল্যবৃদ্ধির ফলে প্রবাসী, শ্রমজীবী বিদেশগামী যাত্রী, ওমরাহ যাত্রী, রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর-সহ সবাই ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশের দেশ থেকে উল্লিখিত সেক্টরগুলোতে এয়ার টিকিট মূল্য ৪০ হাজার টাকারও কম। এ ছায়া একই গন্তব্যের ফিরতি পথের দূরত্ব একই হলেও টিকিট ভাড়া ২০ থেকে ২৫ হাজার টাকা মাত্র।
সংবাদ সম্মেলন থেকে এয়ার টিকিটের সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান মন্ত্রণালয়কে ভাড়া কমানোর জন্য ওপেন স্কাই ঘোষণা করাসহ, এয়ারলাইন্সের টিকিট বিপণন ব্যবস্থা তদারকি করা ও এয়ার টিকিট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেনÑ আটাবের সাবেক মহাসচিব আবদুস সালাম আরেফ, টোয়াবের সভাপতি রাফেউজ্জামান, মো: আবদুল হামিদ প্রমুখ।










