পর্যটকের পদচারণায় মুখরিত বান্দরবান
ছুটি মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে ভ্রমণপিপাসুদের বাড়তি চাপ। ব্যতিক্রম হয়নি এবারও।
টানা তিনদিনের লম্বা ছুটিতে প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে পাহাড়ের চোখ জুড়ানো দর্শনীয় স্থান নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত, তমাতুঙ্গী, ডিম পাহাড়, বগালেক, শৈলপ্রপাত, প্রান্তিক লেকসহ পর্যটন স্পটগুলোতে ভিড় জমিয়েছে হাজার হাজার পর্যটক।
পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি এবং শৈল্পিক ছোঁয়ায় সাজানো দর্শনীয় স্থানগুলো।
আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউজ কোথাও কোনো রুম খালি নেই। দূরদূরান্তের ভ্রমণকারীরা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়িদের মাচাং ঘরগুলোকে থাকার বিকল্প হিসেবে বেছে নিচ্ছে।
পর্যটক সাজ্জাদুর রহমান ও সানজিদা বলেন, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে আমরা সত্যিই মুগ্ধ। দার্জিলিং ভ্রমণে গেছি কয়েকবার। কিন্তু বান্দরবান না এলে বুঝতেই পারতাম না, আমার দেশটা কতটা সুন্দর।
প্রকৃতির সঙ্গে শৈল্পিক ছোঁয়ায় সাজানো-গোছানো বান্দরবানের মেঘলা, নীলাচল, চিম্বুক পাহাড়ের দর্শনীয় স্থানগুলো খুবই চমৎকার। আমাদের মতো ভুল না করে, আগে সবাইকে নিজের দেশ ভ্রমণের আহ্বান জানাচ্ছি।
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক জামিল আহমেদ, সোহানা, ফারজানা বলেন, পর্যটকরা পাহাড়ের দর্শনীয় স্থানগুলোতে নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। এখন শরৎকাল, সেকারণে পাহাড়ে মেঘের লুকোচুরি খেলা দেখার সৌভাগ্যও হয়েছে।
অন্যদিকে, পর্যটকদের জন্য চান্দের গাড়ি যেন মুহুর্ত থেমে নাই এ প্রান্ত হতে ঐ প্রান্তে। পর্যটকদের আনন্দ ভাসিয়ে দিতে মেঘলা হতে নীলাচল কিংবা নীলাচল হতে চিম্বুকের দিকে ছুটাছুটি।
চাঁন্দের গাড়িটি খোলামেলা হওয়াতেই পর্যটকরা দাঁড়িয়ে আনন্দে মেতে উঠেছেন। আবার কেউ স্ব-পরিবার নিয়ে, কেউ বা বন্ধু- বান্ধব নিয়ে চাঁন্দের গাড়ি করে পাড়ি দিচ্ছেন বিভিন্ন পর্যটনকেন্দ্র গুলোতে।
বান্দরবান জীপ ও মাইক্রোবাস সমিতির মো. কামাল জানান, আজ (১৯ আগস্ট) সারাদিনের পর্যটকদের জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে চাঁন্দের গাড়ি ছেড়েছেন প্রায় ৩০ টি। পর্যটকদের জন্য সেবা দিতে যথেষ্ট পরিমান চাঁন্দের গাড়ি মজুত রয়েছে। তবে আগামিকাল আরো বেশী করে ছাড়ার আশা করছেন সমিতি সংশ্লিষ্টরা।
বান্দরবানের হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বান্দরবান জেলায় ভ্রমণপিপাসুদের বাড়তি চাপে পর্যটক হয়রানি বন্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা নজরদারি বাড়িয়েছে সবখানে। পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় বান্দরবান অন্যতম। এখানে পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। পর্যটনকে বান্দরবান ব্র্যান্ডিং করা হচ্ছে। পর্যটন স্পটগুলোর নিয়মিতই উন্নয়ন কাজ করা হচ্ছে। দর্শনীয় স্থানগুলোকে পর্যটকবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। এখানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যগুলো তুলে ধরা হচ্ছে।
-B










