ফের আলোচনায় বঙ্গবন্ধু বিমানবন্দর
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাব্য স্থান নিয়ে আবারও সরকারের নীতিনির্ধারনী মহলে আলোচনা শুরু হয়েছে।
বুধবার (১৮ মে) সরকারের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের অপেক্ষায় রাখা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্য স্থানের বিষয়ে বৈঠকে দুটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।
সরকারের কয়েকজন মন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরটি পদ্মা সেতুর অপরপ্রান্তে মাদারীপুর-শরীয়তপুরে করার পক্ষে মত দিলেও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দ্বিমত প্রকাশ করে মুন্সীগঞ্জেই বিমানবন্দরটি নির্মাণের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘মাদারীপুর থেকে ঢাকার দূরত্ব বেশি। এখানে বিমানবন্দর তৈরি করা হলে যানজট বাড়বে। তার চেয়ে মুন্সীগঞ্জ অর্থাৎ আগের স্থান মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে হলে ভালো হয়।’
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে রাজধানীর আশেপাশে আন্তর্জাতিক একটি বিমানবন্দর নির্মাণের বিষয়টি আলোচিত হচ্ছে। ২০১০ সালে সরকার মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর করার সিদ্ধান্ত জানালে স্থানীয়রা এর বিরুদ্ধে আন্দোলনে নামে। তাদের আপত্তি এক পর্যায়ে জাতীয় পর্যায়ে আলোচনার ইস্যু হয়ে ওঠে। পরে সরকার সেখানে বিমানবন্দর নির্মাণের চিন্তা থেকে সরে আসার ঘোষণা দেয়। কিন্তু রাজধানীর আশেপাশে সুবিধামতো জায়গা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।










