ইউ এ ই’র ‘সবুজ তালিকায়’ নেই বাংলাদেশ

ইউ এ ই’র ‘সবুজ তালিকায়’ নেই বাংলাদেশ
-মনিটর অনলাইন
সারা বিশ্বের ৭১টি দেশকে অর্ন্তভুক্ত করে হালনাগাদ ‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
রাজধানী আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ হালনাগাদ এই তালিকা প্রকাশ করে। তালিকায় সিরিয়ার মতো দেশ স্থান পেলেও নেই বাংলাদেশের নাম।
হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের যাত্রীদের জন্য চলমান করোনাভাইরাস মহামারির সময়ে আমিরাত ভ্রমণের নিয়ম শিথিল করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে অবতরণের পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা থেকে ছাড় পাবেন। শনিবার প্রকাশ করা এই তালিকায় এমন অনেক দেশের নাম রয়েছে যেগুলোতে সাম্প্রতিক সময়ে করোনার সংক্রমণ অনেক বেড়েছে।
অবশ্য সবুজ তালিকায় থাকা দেশগুলো থেকে আরব আমিরাতে পৌঁছানোর পর কোভিড-১৯ পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আমিরাতের উদ্দেশে যাত্রা শুরুর সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে এই পরীক্ষা করাতে হবে।
একইসঙ্গে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেতে আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে সংশ্লিষ্ট যাত্রীকে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে। এছাড়া হালনাগাদ সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ দিনের মাথায় পিসিআর পরীক্ষা করতে হবে। তবে সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা না নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর পর দুই দফায় করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। ইউএই’তে পৌঁছানোর ষষ্ঠ এবং নবম দিনে এই দু’টি পরীক্ষা করানোর নিয়ম করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের করোনাভাইরাস মহামারির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিতভিত্তিতে এই সবুজ তালিকা হালনাগাদ করে থাকে আরব আমিরাত। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণের কথা চিন্তা করেই বিভিন্ন দেশকে সবুজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়ে থাকে বলেও জানিয়েছে দেশটি।










