বাংলাদেশ এখন আইডল- পর্যটন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, বাংলাদেশ এখন সবক্ষেত্রে সাফল্য অর্জন করছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু থেকে শুরু করে সবকিছু হচ্ছে। আমাদের এভিয়েশন খাত অনেক এগিয়েছে। থার্ড টার্মিনাল হলে যাত্রী সেবা আরও বাড়বে। যারা একসময় বাংলাদেশকে নিয়ে তুচ্ছ করতো তারাও এখন বাংলাদেশকে আইডল মানে।
সোমবার ( ১০ জানুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত "মুজিব'স বাংলাদেশ" শীর্ষক সাইকেল র্যালি উদ্বোধনকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কান্ট্রি ব্র্যান্ডনেম হিসেবে "মুজিব'স বাংলাদেশ" পর্যটন বিষয়ক সকল ধরনের প্রচার-প্রচারণায় ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর অনুমোদন দেওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদের সভপতিত্বে সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ আক্তারুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ট্যুর অপারেটর বাংলাদেশের সভাপতি রাফিউজ্জামান প্রমুখ।
এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি-বেসরকারি পর্যটন পর্যটন অংশীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।










