ফ্রান্সের সবুজ তালিকায় বাংলাদেশ

বাংলাদেশের ওপর থেকে করোনার নিষেধাজ্ঞা তুলে নিয়ে সবুজ তালিকার অন্তর্ভুক্ত করেছে ফ্রান্স। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- ফ্রান্সের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশকে ফ্রান্সের সবুজ তালিকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বৃহস্পতিবার (৩ মার্চ) থেকে কার্যকর হবে। ফলে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যাদের ফাইজার, মর্ডানা, অ্যাস্ট্রেজেনেকা এবং জনসনের টিকা দেওয়া থাকবে তাদের দেশটিতে প্রবেশ এবং ত্যাগ করার ক্ষেত্রে আর করোনা পরীক্ষার প্রয়োজন হবে না। অর্থাৎ বাংলাদেশ থেকে ফ্রান্সে পৌঁছানোর জন্য টিকা নেয়ার একটি প্রমাণই যথেষ্ট হবে। অন্যদিকে, বাংলাদেশ থেকে টিকাবিহীনদের ফ্রান্স ভ্রমণের ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যবাধকতা থাকবে। প্যারিসে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের ফ্রান্স ভ্রমণে করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলো।
-B










