কলকাতায় চালু হল বাংলাদেশের নতুন ভিসা সেন্টার

কলকাতায় বাংলাদেশের নতুন ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।
এর ফলে বাংলাদেশে ভ্রমণ করতে ইচ্ছুক ভারতের জনগণ, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলের মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন। একইসঙ্গে বহু প্রতীক্ষিত এই পদক্ষেপ বাংলাদেশের পর্যটন এবং শিল্প খাতে ইতিবাচক অবদান রাখবে।
নতুন এ সেন্টারে ভিসা সংক্রান্ত কাজ করছে ভারতের একটি বেসরকারি সংস্থা।
সংস্থাটির কাজ আবেদনকারীর পাসপোর্ট জমা নেওয়া থেকে প্রাপকদের পাসপোর্ট ফেরত দেওয়া।
তবে ভিসা দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত থাকছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের হাতেই।
নতুন এই ভিসা কেন্দ্রে ১৩ হাজার বর্গফুট জায়গা রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ভিসা কেন্দ্রটি কলকাতার সল্টলেক সেক্টরে অবস্থিত। বিনিয়োগকারী, শিক্ষানবিশ, পর্যটক, কূটনীতিক, গবেষণা, শিক্ষার্থী, এনজিও, সরকারি প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, কর্মসংস্থান ও ওয়ার্ক পারমিট এবং পরিবার নিয়ে ভ্রমণসহ বাংলাদেশের সব ক্যাটাগরির ভিসা গ্রহণের জন্য এখানে ১০টি কাউন্টার রয়েছে।
কেন্দ্রে দুটি পাসপোর্ট রিটার্ন কাউন্টারসহ তিনটি প্রি-স্ক্রিনিং ডেস্ক এবং দুটি ফরম ফিলিং ডেস্ক রয়েছে।
আবেদনকারীদের সুবিধার্থে ভিসা ফরম পূরণের জন্য বিনামূল্যে একটি সেলফ-হেল্প ডেস্ক ও একটি ফটো ডেস্ক এবং নামমাত্র চার্জে ফটোকপিয়ার সেবা, ব্যক্তিগত লাউঞ্জ ও কুরিয়ার সেবা ইত্যাদির ব্যবস্থা করবে ভিএসি। এছাড়াও কেন্দ্রে গাড়ি, সাইকেল ও মোটরসাইকেল পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে।
অত্যাধুনিক এই কেন্দ্রে একটি অন-সাইট ক্যাফেটেরিয়া, নারীদের জন্য নার্সিং এরিয়া এবং প্রার্থনা কক্ষের (প্রেয়ার রুম) সুবিধাও রয়েছে।
-B










