বাপার সভাপতি ক্যাপ্টেন নাজমুল, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আইদান
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন বাপা’র কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী)।
শুক্রবার (২৭ জানুয়ারী)বাপার এক বিবৃতিতে জানানো হয়, সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন নাজমুল, সহসভাপতি ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ক্যাপ্টেন আইদান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ক্যাপ্টেন নাজমুল ২০০০ সালের নভেম্বরে বিমানে পাইলট হিসেবে যোগদান করেন এবং বর্তমানে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ক্যাপ্টেন হিসেবে কর্মরত আছেন।
প্রায় ১২ হাজার উড্ডয়ন অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন নাজমুল এর আগে এয়ারবাস এ-৩১০ এবং বোয়িং ৭৩৭ এর কমান্ডার হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালে প্রথম বাংলাদেশ এয়ার লাইন্স পাইলট অ্যাসোসিয়েশন বা বাপার কার্যকরী পরিষদের সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে বিভিন্ন মেয়াদে বাপার বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ বাপার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত ক্যাপ্টেন তানিয়াও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ক্যাপ্টেন হিসেবে বিমানে কর্মরত আছেন। বিমানের ইতিহাসে এই প্রথম কোনো নারী পাইলট বাপা’র কার্যকরী পরিষদে নির্বাচিত হলেন। তানিয়া জনপ্রিয় নায়ক ফেরদৌসের সহধর্মিণী।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ক্যাপ্টেন আইদান বর্তমানে ড্যাশ-৮ বিমানের ক্যাপ্টেন। আইদান এর আগেও বাপা’র কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।
উল্লেখ্য যে, বাপা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন এবং রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) সক্রিয় সদস্য বাপা। সংগঠনটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সঙ্গে সম্পৃক্ত হয়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।
-B










