বরিশাল বিমানবন্দর হবে সবচেয়ে আধুনিক ও যুগোপযোগী- প্রতিমন্ত্রী মাহবুব আলী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দর হবে সবচেয়ে আধুনিক ও যুগোপযোগী। তিনি বলেন, এ বিমানবন্দরের জন্য বড় রানওয়ে ও অত্যাধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।
শনিবার (১৯ মার্চ ) সকালে বরিশাল বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সবগুলো বিমানবন্দরেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছি। বরিশাল বিমানবন্দরে বিষয়ে প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। তার নির্দেশনায় বরিশাল বিমানবন্দরের রানওয়ে ওভার-লেকরণ কাজে খুব শিগগিরই হাত নিচ্ছি, যাতে বিমানের স্মুথ ল্যান্ডিং হয়। সাথে সাথে বড় বিমান যাতে নামতে পারে সেজন্য রানওয়েকে আরও সাড়ে ৭ শত ফুট বাড়ানোর প্রকল্প আমরা হাতে নেব। পাশাপাশি এখানে অত্যাধুনিক একটি নতুন টার্মিনাল করার কাজ খুব দ্রুত হাতে নেব। সবমিলিয়ে বরিশাল বিমানবন্দর নিয়ে আমাদের একটি মেজর প্রজেক্ট রয়েছে।
দেশের এভিয়েশন খাত নিয়ে বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সে প্রচেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে মাহবুব আলী আরো বলেন, আজ সারাদেশের প্রতিটি বিমানবন্দরে আধুনিকতার ছোঁয়া লেগেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সর্বাধুনিক করা হচ্ছে। চাঙ্গি, হিথ্রো, জেএফকে বিমানবন্দর দেখে আমরা প্লান করেছি। তাই যুগের থেকেও আধুনিক একটি বিমানবন্দর আমরা হয়তো ২০১৩ সালের সেপ্টেম্বরে উদ্বোধন করতে পারবো।
বরিশালেও যাতে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারে সে কাজ করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শেষ ভালো যার সব ভালো তার। বরিশাল বিমানবন্দরের উন্নয়ন যেহেতু শেষে হচ্ছে, তাই অন্যান্য বিমানবন্দরের থেকে আরো আধুনিক এবং যুগের চেয়েও আধুনিক বিমানবন্দর বরিশালে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
-B










