বিমানের হজ ফ্লাইট সম্পন্ন, ১৪ জুলাই ফিরতি ফ্লাইট

চলতি বছরের প্রি-হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
৫ জুন বিমানের প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছিল। হজ শেষে আগামী ১৪ জুলাই থেকে হাজিদের নিয়ে বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।
সোমবার (৪ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-হজে ৬৭টি ডেডিকেটেড ফ্লাইট ও ২০টি শিডিউল ফ্লাইটসহ সর্বমোট ৮৭টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান।
এ বছর বিমান লিজ ছাড়া নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইটের পাশাপাশি সৌদি আরবে নিয়মিত শিডিউল ফ্লাইট পরিচালনা করেছে। বিমানকর্মীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে সবগুলো ফ্লাইট সঠিক সময়ে পরিচালিত হয়েছে এবং কোনো হজফ্লাইট বাতিল হয়নি।
কোটা অনুযায়ী এ বছর, ২৯ হাজার ৯৯২ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিমান। রোববার (৩ জুলাই) সব শেষ প্রি-হজ ফ্লাইট বিজি-৩১৪১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে যাত্রা করে সফলভাবে জেদ্দা পৌঁছেছে।
-B










