ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমানের বিশেষ ফ্লাইট

ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে আগামী ৯ জানুয়ারি থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু ও ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টি গুরুত্ব দিয়ে যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও ১১ জানুয়ারি থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।
আজ (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট বিজি৪১৪৭ স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বেলা ১১টায় এবং চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছেড়ে দুবাই পৌঁছাবে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায়।
দুবাই ট্রাভেল অ্যাডভাইজারি অনুযায়ী, সব কর্মকাণ্ড সম্পন্ন করতে যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত আট ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বিশেষ ওই ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী প্রতিটি টিকিটের সর্বোচ্চ মূল্য ট্যাক্সসহ ৬৫ হাজার ৩২৯ টাকা এবং বিজনেস ক্লাসের একমুখী প্রতিটি টিকিটের সর্বনিম্ন মূল্য ট্যাক্সসহ ৮৬ হাজার ৫৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিকাল সাড়ে ৪টায় ফ্লাইটটির টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হবে।
যাত্রীরা বিমানের যে কোনো সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার: ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কিনতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










