অংশীদারত্বের ২০ বছর পূর্তি উদযাপন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট

দেশে পরিহারযোগ্য অন্ধত্ব ও দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল (আইআইইআইএইচ) অংশীদারত্বের ২০ বছর পূর্তি উদযাপন করেছে।
২০০৩ সালে প্রথম স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল যৌথভাবে চক্ষুস্বাস্থ্য নিয়ে কাজ শুরু করে। এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকের পূর্ববর্তী গ্লোবাল ফ্ল্যাগশিপ কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রাম ‘সিইং ইজ বিলিভিং’ প্রতিষ্ঠা করা হয়। ২০২০ সালে ‘সিইং ইজ বিলিভিং’ প্রোগ্রামটি লক্ষ্যমাত্রা অর্জনের পর সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এর পরও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত কমিউনিটি এঙ্গেজমেন্ট প্রোগ্রামের জন্য আইআইইআইএইচের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রেখেছে।
এ অংশীদারত্বের অধীনে স্ট্যান্ডার্ড চার্টার্ড-আইআইইআইএইচ যৌথভাবে প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য ছয়টি কম্প্রিহেনসিভ চক্ষুস্বাস্থ্য ক্যাম্প এবং স্কুল শিক্ষার্থীদের জন্য ছয়টি স্টুডেন্ট সাইট টেস্টিং প্রোগ্রাম (এসএসটিপি) স্থাপন করে। এছাড়া আইআইইআইএইচকে অস্ত্রোপচারের রোগীদের পরিবহন সুবিধা এবং অন্যদের চশমা, অপটিক্স ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহে ব্যাংক সহায়তা প্রদান করেছে। বিগত ২০ বছরে উভয় প্রতিষ্ঠান প্রত্যন্ত জনগোষ্ঠীকে (প্রাক্তন ছিটমহলসহ) কম্প্রিহেনসিভ স্বাস্থ্যসেবা সমাধান প্রদান করে আসছে।
এ প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে আমার এক পরিদর্শনের সময় আমি সিইং ইজ বিলিভিং প্রোগ্রামের আসল প্রভাব উপলব্ধি করতে পেরেছিলাম। আমি সৌভাগ্যবশত অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হই, যখন সাত বছর বয়সী এক ছেলের চোখ থেকে ব্যান্ডেজ সরানোর পর সে প্রথমবারের মতো তার মায়ের মুখ দেখতে পায়। আমি অনুভব করেছিলাম যেন সেই মুহূর্তে পুরো বিশ্ব তাদের চারপাশে থমকে গেছে। আমি আশা করি, আইআইইআইএইচের সঙ্গে আমাদের কর্মসূচি এবং উদ্যোগগুলো আমাদের সুবিধাভোগীদের জীবনকে উন্নত করতে ও একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।’
-B










