চীন নামতে দিচ্ছে না ফ্লাইট :ক্ষেপেছে বাইডেন প্রশাসন

যুক্তরাষ্ট্রফেরত যাত্রীদের মধ্যে কয়েকজনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর চীন একের পর এক ফ্লাইট বাতিল করায় ক্ষেপেছে বাইডেন প্রশাসন।
বুধবার নতুন করে আরও ছয়টি মার্কিন ফ্লাইট বাতিল করেছে বেইজিং। এটি দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তির সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন।
চীন অবশ্য আমেরিকাকেও চীনের ফ্লাইট স্থগিতের নির্দেশের আহ্বান জানিয়েছে। আমেরিকায় করোনার উচ্চমাত্রার সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নিলো চীন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিসেম্বরের শেষের দিকে চীনে আসা ফ্লাইটে কিছু যাত্রীর করোনা পজিটিভ হওয়ায় চীন ফ্লাইট বাতিলের আদেশ দেয়।
মঙ্গলবার (১১ জানুয়ারি) চীনের বেসামরিক বিমান প্রশাসন আমেরিকা থেকে আসা ২২টি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয়। মার্কিন ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা শুক্রবার ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।
চীনের বেসামরিক বিমান প্রশাসন বলেছে, তারা ডেল্টা এয়ারলাইন্সের সিয়াটেল থেকে সাংহাই যাওয়ার আরও দুটি ফ্লাইট বাতিল করবে। এছাড়া, সামনের সপ্তাহে ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার ছয়টি ফ্লাইট বাতিল করবে। সব মিলিয়ে এই এয়ারলাইন্সের মোট দশটি ফ্লাইট বাতিল হচ্ছে।
চীনের সবশেষে ঘোষণায় বাতিল করা হয়েছে ইউনাইটেড এয়ারলাইনসের সান ফ্রান্সিসকো থেকে সাংহাইগামী দুটি এবং চায়না সাউদার্ন এয়ারলাইনসের লস অ্যাঞ্জেলস থেকে গুয়াংঝুগামী চারটি ফ্লাইট।










