চিটাগাং চেম্বার সভাপতির সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের মতবিনিময়

ঢাকাঃ ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা ১৯ ডিসেম্বর সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় ফিলিপাইনের অনারারী কনসাল এম এ আউয়াল, রাষ্ট্রদূতের সহধর্মিনী ড র্যাচেল ডেনিয়েগা, দূতাবাসের থার্ড সেক্রেটারী ক্রিস্টিয়ান হোপ, চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি খালেদা আউয়াল ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে উভয়দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আসিয়ানভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ফিলিপাইন যোগাযোগের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা যেতে পারে বলেও মন্তব্য করেন।
এলান এল ডেনিয়েগা মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর নির্মাণের ফলে বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে বলে উল্লেখ করে বিদেশী বিনিয়োগ আকর্ষণে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে অবহিত করেন।
তিনি বাংলাদেশের বিশাল বাজার ও উন্নয়নের প্রশংসা করে এদেশ থেকে ফিলিপাইনের অনেক শিক্ষণীয় বিষয় আছে জানিয়ে বেসরকারী খাতের সাথে সম্পর্কোন্নয়নে অংশহিসেবে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বৃদ্ধির কথা জানান।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ফিলিপাইনকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে মন্তব্য করে উভয়দেশের বেসরকারি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রসংগ উল্লেখ করে দক্ষ মানবসম্পদ উন্নয়নে এদেশে যৌথভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ কর্মী প্রেরণ করে লাভবান হতে পারে বলে জানান।
চেম্বার সভাপতি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সরাসরি ফ্লাইট চালু করার লক্ষ্যে রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন। মাহবুবুল আলম বঙ্গবন্ধু শিল্প নগরে চীন, জাপান, ভারত, সৌদি আরবসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করছে বলে জানিয়ে ফিলিপাইনেরও বিনিয়োগ প্রত্যাশা করেন।
তিনি বাংলাদেশ হতে অধিক পরিমাণে পণ্য আমদানির অনুরোধ জানিয়ে চিটাগাং চেম্বারের উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র সাথে যৌথভাবে বিভিন্ন ট্রেনিং ও কোর্স আয়োজন করার জন্য অনুরোধ জানান।
মতবিনিময়ের পূর্বে ফিলিপাইনের রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।










