চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু ৬ জানুয়ারি

ভারতের লো বাজেট এয়ারলাইনস ‘স্পাইস জেট‘ এবার চট্টগ্রাম থেকে কলকাতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। চট্টগ্রাম থেকে প্রথম হলেও ঢাকা থেকে কলকাতা, দিল্লী ও মুম্বাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।
স্পাইস জেট লিমিটেডের চট্টগ্রাম ইনচার্জ আসিফ চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারত এয়ার বাবল চুক্তির আওতায় চট্টগ্রাম-কলকাতা রুটে কেবল আমরাই ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছি।
সপ্তাহের চার দিন—রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ১০টা ১৫ মিনিটে রওনা দেবে। আর কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবে সকাল সোয়া ৭টায়।
এক্ষেত্রে ৭৮ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
আগ্রহী যাত্রীরা অনলাইনের পাশাপাশি চট্টগ্রামের আগ্রাবাদ অফিস থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন, জানান আসিফ চৌধুরী ।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ১১ এপ্রিল বন্ধ হয়ে যায়।
সেই সাথে কলকাতা রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়। আট মাস পর ৬ জানুয়ারি কলকাতা রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
তবে চট্টগ্রাম-চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে দেশীয় ইউএস বাংলা এয়ারলাইনস।
স্পাইস জেট দিনে ৫৩টি অভ্যন্তরীণ ও ৯টি আন্তর্জাতিক গন্তব্যে ৫৮৪টি ফ্লাইট পরিচালনা করে।
এর বহরে ৬৮টি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ, ৩০টি বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ও দুটি বোয়িং ৭৩৭ ফ্রেইটার রয়েছে।










