কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য শর্ত আরোপ

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ থেকে আকাশপথে কলকাতাগামী যাত্রীদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
নতুন বিধিনিষেধ অনুযায়ী, বাংলাদেশি যাত্রীদের কলকাতা যাওয়ার পর দেশটির বিমানবন্দরে নতুন করে করোনাভাইরাসের র্যা পিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। আর এজন্য খরচ হবে প্রায় ৭ মার্কিন ডলার।
৭ জানুয়ারি থেকে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
নতুন বিধিনিষেধে কলকাতা যেতে যা লাগবে:
- কোভিড-১৯ ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ দেওয়ার সার্টিফিকেট।
- ভ্রমণের ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট।
- কলকাতা রওনা হওয়ার আগে ভারতের “এয়ার সুবিধা পোর্টাল”-এ গিয়ে সেলফ-রেজিস্ট্রেশন করতে হবে। পোর্টালে পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট এবং কোভিড-১৯ ভ্যাকসিন সার্টিফিকেটের স্ক্যান কপি আপলোড করে ভ্রমণ সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে।
- কলকাতা বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের নিজ খরচে কোভিড-১৯ এর “র্যা পিড অ্যান্টিজেন টেস্ট” করাতে হবে। টেস্টের জন্য বাংলাদেশ থেকে ফ্লাইটে ওঠার আগেই রেজিস্ট্রেশন করতে হবে।
- কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টা আগে যাত্রীদের কোভিড-১৯ আরটি পিসিআর টেস্ট করাতে হবে।
বাংলাদেশের এয়ারলাইন্সগুলোকে পাঠানো এক চিঠিতে ভারতের সিভিল এভিয়েশন জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা থেকে কলকাতাগামী যাত্রীদের এয়ারলাইন্সের বোর্ডিং পাস ইস্যুর আগে বিমানবন্দরে ভ্রমণ বিধিনিষেধ অনুযায়ী সবধরনের কাগজপত্র আছে কি না তা দেখে নেওয়ার অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য যে, খবরটির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ মনিটর থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি এবং বিমান বাংলাদেশ কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।










