চট্টগ্রামে কাল শুরু ৩ দিনব্যাপী ‘বিল্ড এক্সপো’


চট্টগ্রামঃ চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে ২০-২২ আগস্ট নগরীর ৫ তারকা হোটেল রেডিসন ব্লু-তে এ এক্সপো অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো ২০২৬’ সাব-কমিটির আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান, চট্টগ্রাম বিল্ড এক্সপো-২০২৬ সাব-কমিটির উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার, সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, স্থপতি অনিকেত চৌধুরী, স্থপতি আবদুল্লাহ রুম্মান, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হক প্রমুখ।
এক্সপোতে ঢাকা ও চট্টগ্রামের মোট ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি থাকবে পণ্য প্রদর্শন, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ব্যবসায়িক যোগাযোগ এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেমিনার ও আলোচনা।
প্রথমবারের মতো আয়োজিত এ এক্সপোতে প্লাটিনাম স্পন্সর বিল্ড বেস্ট।
এছাড়া এলিট পেইন্ট, এ অ্যান্ড এইচ গ্যালারি, গ্লোবাল সিটি লিমিটেড, পিটুপিসহ বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে এক্সপো আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ, টেকসই ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে স্থপতি, প্রকৌশলী, নির্মাণসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ অন্ত্যত জরুরি।










