ম্যানচেস্টারে ডানা মেললো বিমান

দীর্ঘ ১৯ মাস পর শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ ও ঢাকা থেকে ২৪ মোট ১০৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-২০৭ ফ্লাইট উড়াল দেয় ম্যানচেস্টারের উদ্দেশ্যে।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বিমানের এই ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বেলা ১টা ১০ মিনিটে ওসমানী বিমানবন্দরে পৌঁছে।
অন্যান্য শিডিউল ঠিক থাকলে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ম্যানচেস্টার পৌঁছানোর কথা রয়েছে জানালেন সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের স্টেশন ম্যানেজার আব্দুস সত্তার বলেন, বিজি-২০৭ ফ্লাইটে ঢাকা থেকে ২৪জন ম্যানচেস্টারের যাত্রী ওঠেন। পরে সিলেট থেকে আরও ৮০ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে উড়াল দেয় ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক আলম বলেন, শিডিউল ঠিক থাকলে রবিবার (২৬ ডিসেম্বর) ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি-২০৮ স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ২৭ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায়। এক ঘণ্টা পর সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে ২টায়। বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইটটি পরিচালিত হবে।
ফারুক আলম জানান, আগামী ২৫ মার্চ পর্যন্ত সপ্তাহে এ রুটে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রবিবার দুটি করে ফ্লাইট চলবে। তবে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীরা অবশ্যই বাংলাদেশ ও যুক্তরাজ্যের কোভিড প্রটোকল মানতে হবে।
জানা গেছে, ম্যানচেস্টারের সাথে সরাসরি ফ্লাইট চালুর খবরে উচ্ছ্বসিত যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিরা।
যুক্তরাজ্যের যে কয়েকটি শহরে সিলেটের প্রবাসীরা বেশি বসবাস করেন তার মধ্যে অন্যতম ম্যানচেস্টার।প্রবাসীদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ বিমান সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু করেছিল।
সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশ্যে বিমানের সর্বশেষ ফ্লাইট ছেড়ে যায় গেল বছরের ২৯ মার্চ। এরপর উভয় দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় বন্ধ হয়ে যায় ফ্লাইট। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা কমে আসায় আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফের ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে শনিবার থেকে সিলেট-ম্যানচেস্টার রুটেও ফের শুরু হলো সরাসরি ফ্লাইট।










