সৈকতে ভেসে আসছে মণ মণ মরা মাছ

কক্সবাজার সমুদ্র সৈকতে শনিবার ভেসে এসেছে মণ মণ মরা মাছ। পর্যটকেরা ঝিনুকের বদলে কুড়িয়েছে মাছ। আর ঝিনুক কুড়ানিরা রুটিন কাজের বিপরীতে মেতেছিল মাছ কুড়াতে।
শনিবার বিকেল থেকে সাগরের ঢেউয়ের সঙ্গে এসব মাছ ভেসে আসতে দেখা গেছে। জেলেদের ফেলে দেয়া মাছ সাগর তীরে ভেসে এসেছে বলছেন স্থানীয়রা কেউ কেউ।
এদিকে গভীর সাগরে গতকালই একটি লঘুচাপ সৃষ্টি হয়। লঘুচাপটি সৃষ্টির সঙ্গে সঙ্গেই সামুদ্রিক মরা মাছ ভেসে আসার ঘটনা অনেককে ভাবাচ্ছে। সাগর পাড়ের লোকজন জানিয়েছেন, সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি দরিয়ানগর পর্যন্ত বিস্তৃত সৈকত জুড়ে মাছ আর মাছ। ভেসে আসা মাছগুলোর মধ্যে বড় আকারের নেই। সবই ছোট আকারের মাছ। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান,গতকাল বিকাল থেকে আকস্মিক সাগরের ঢেউয়ের সঙ্গে মণ মণ মরা মাছ ভেসে আসতে থাকে।
দরিয়ানগর এলাকার স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, সমুদ্র সৈকতে অসংখ্য মৃত মাছ ভেসে আসতে তিনি দেখেছেন। তিনি বলেন, কেন এমন হলো তা বুঝতে পারছি না। জীবন প্রথম মাছের এমন মৃত্যুর মিছিল দেখলাম।
টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন সাংবাদিকদের জানান, দুপুর থেকে ঢেউয়ের সঙ্গে মৃত মাছ ভেসে আসার খবর শুনেছি। এই মাছগুলো কোথা থেকে এসেছে সেটা এখনই বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ২০২০ সালে একই এলাকায় ভেসে এসেছিল টন টন বর্জ্য। সেই সঙ্গে অনেক সামুদ্রিক প্রাণীও ভেসে এসেছিল।
-B










