১৬ ডিসে: বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলি উন্মুক্ত

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পর্যটকদের জন্য বান্দরবান জেলা প্রশাসন সরকার পরিচালিত সব পর্যটনকেন্দ্রগুলোতে কোন প্রবেশ ফি ছাড়াই প্রবেশের অনুমতি দিবে মর্মে সিদ্ধান্ত ঘোষণা করেছে।
শুধুমাত্র (১৬ ডিসেম্বর) একদিনের জন্য মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক, নীল দিগন্তসহ জেলার সাত উপজেলার জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রে এ সুবিধা থাকবে।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য দেখতে বছরের পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে। তবে ১৬ ডিসেম্বর টানা ছুটি থাকায় পর্যটকের আগমন আরও বাড়বে। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য ফ্রি করে দেওয়া হয়েছে। তবে এক দিনের জন্য দর্শনার্থীরা ফ্রি প্রবেশ করতে পারবেন।
এদিকে ১৬ ডিসেম্বর থেকে টানা ৩ দিনের ছুটি হওয়ায় বান্দরবানের সব হোটেল-মোটেল গেস্ট হাউসগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে। পর্যটকদের বরণ করতে প্রস্তুত হয়ে আছে জেলার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
স্বপ্ন বিলাস রিসোর্টের মালিক সোহেল বলেন টানা ৩ দিন ছুটি থাকায় আমাদের রিসোর্টের সব রুম ৩ দিনের জন্য বুকিং হয়ে গেছে অনেকে রুমের জন্য ফোন দিচ্ছে তাদের রুম দিতে পারছি না।
টুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে সে জন্য প্রতিটি পর্যটন স্পটে টুরিস্ট পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে এ ছাড়া সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে।










