যাত্রী বাড়লেও ২৯ শতাংশ মুনাফা হারিয়েছে ডেল্টা

আটলান্টা, যুক্তরাষ্ট্র: যাত্রী পরিবহন বাড়লেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৯ শতাংশ মুনাফা হারিয়েছে ডেল্টা এয়ারলাইনস। যুক্তরাষ্ট্রের অন্যতম এয়ারলাইনস কোম্পানিটির তথ্যমতে, ওই তিন মাসে মোট ১৩১ কোটি ডলার মুনাফা করেছে, যা ২০২৩ সালের একই সময়ে ছিল ১৮৩ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস কোম্পানিগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতা বেড়ে গেছে। এ অবস্থায় ডেল্টাও টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে। এছাড়া পরিচালন খরচ বাড়ার কারণে সামগ্রিক আয় বাড়লেও মুনাফা কমে গেছে। ডেল্টা ধারণা করছে, তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের চেয়ে বেশি হারে মুনাফা কমে যেতে পারে।
সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির আয় ৭ শতাংশ বেড়ে রেকর্ড ১৬৬ কোটি ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে গ্রীষ্ম মৌসুমে যাত্রী চাহিদা বাড়তি থাকায় এটি বিরল কোনো ঘটনা নয়।
এদিকে আর্থিক প্রতিবেদন প্রকাশের পরপর ডেল্টার শেয়ারদর ৬ শতাংশ কমে গেছে। একই সঙ্গে অন্য এয়ারলাইনসের শেয়ারে দরপতন হয়েছে। জেটব্লু, আমেরিকান, ইউনাইটেড ও সাউথওয়েস্ট এয়ারলাইনসের শেয়ারদর ৩-৬ শতাংশ পর্যন্ত কমে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেল্টার সিইও ইডি বাস্তিয়ান টিকিটের দাম কমানোকে মুনাফা অর্জনের প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরেন। অভ্যন্তরীণ রুটগুলোয় চাহিদার তুলনায় বেশি আসন রয়েছে বলে জানান তিনি। বাস্তিয়ানের পরামর্শ হলো, এসব ক্ষেত্রে আসন কমিয়ে আনা উচিত সাশ্রয়ী পরিষেবা দেয়া বিমান সংস্থাগুলোর।
-B










