ঢাকা - আফ্রিকা ফ্লাইট শুরু শিগগিরই
বাংলাদেশি যাত্রীদের আফ্রিকার বিভিন্ন দেশে আনা-নেওয়ার টার্গেট নিয়ে ঢাকা থেকে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। চলতি মাসেই ফ্লাইট পরিচালনার বিষয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে চুক্তি করবে তারা।
বেবিচকের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছে। তারা জানায়, এয়ারলাইন্সটি ২০২২ সালে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল। বেবিচক তাদের নিজ দেশের কূটনীতিকদের মাধ্যমে (ডিপ্লোম্যাটিক চ্যানেল) যোগাযোগ করে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের অনুরোধ করে। পরে নির্ধারিত প্রক্রিয়া মেনে তারা ফ্লাইট পরিচালনার আবেদন করে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ইথিওপিয়ার সঙ্গে সহসাই আমাদের একটি চুক্তি হবে। চুক্তি হলে তারা ফ্লাইট পরিচালনা করতে পারবে। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার যোগাযোগ স্থাপনের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
চুক্তি সম্পাদনের পর কবে নাগাদ ফ্লাইট পরিচালনা করা হবে এই সিদ্ধান্ত নেবে ইথিওপিয়ান এয়ারলাইন্স।
বেবিচকের সঙ্গে আলাপকালে ইথিওপিয়ান এয়ারলাইন্স জানায়, দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকান দেশগুলোতে প্রচুর বাংলাদেশি রয়েছে। তারা সেসব বাংলাদেশি যাত্রীদের ইথিওপিয়ায় ট্রানজিট দিয়ে অল্প সময়ে আফ্রিকার বিভিন্ন দেশে পৌঁছে দিতে চায়। বর্তমানে মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সগুলো এসব যাত্রী বহন করছে। এতে যাত্রীদের অনেক সময় নষ্ট হচ্ছে।
-B










