ডিসেম্বরেই ঢাকা-কক্সবাজার ট্রেন

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এছাড়াও সরকারের পরিকল্পনা আছে চীন থেকে বার্মা হয়ে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত পর্যটকরা ট্রেনে আসতে পারবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত রেলখাতকে গুরুত্ব দিয়ে এর ব্যাপক উন্নয়ন করছেন। তিনি আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেলওয়েতে এখন অনেক প্রকল্প চলমান আছে।।
মঙ্গলবার (২২ মার্চ) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন, সরাসরি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপন করা হবে। কুমিল্লার লাকসামকে সংযুক্ত করার মাধ্যমে এভাবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৯১ কিলোমিটার কমে যাবে। এছাড়াও যমুনার ওপর ডেলিগেটেড রেলসেতু হচ্ছে। খুলনা থেকে মোংলা রেল যোগাযোগ জুন মাসের মধ্যে উদ্বোধন করতে পারব। আমরা পুরো রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ প্রমুখ।
-B










