প্রবাল দ্বীপে কুকুর সরানো কার্যক্রম বন্ধ
পরিবেশবাদী সংগঠনে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন'র বাধার মুখে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বেওয়ারিশ কুকুর সরিয়ে নেওয়ার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী জানান, সেন্টমার্টিন থেকে বেওয়ারিশ কুকুর পুনর্বাসনের কার্যক্রম সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “বেওয়ারিশ কুকুর নিধনের বিষয়ে উচ্চ আদালতের পরিবেশবাদী সংগঠন একটি রিট রয়েছে। এখন কুকুর গুলাকে পুনর্বাসন করার উদ্যোগ নেওয়া হলে পরিবেশবাদী সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাতে বাধা দেয়। এ কারণে উদ্যোগটি আপাতত বন্ধ করা হয়েছে।”
প্রাণিসম্পদ কর্মকর্তা মুহিব উল্লাহ বলেন, এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে কুকুর গুলো ধরে সেন্টমার্টিন থেকে অন্যত্রে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল উপজেলা প্রশাসন।
সেন্টমাটিনে ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটক ও স্থানীয়দের কামড় দেওয়ার ঘটনা ঘটায় এবং সৈকতে ডিম পাড়তে আসা কচ্ছপের উপর হামলার ঘটনায় বেওয়ারিশ কুকুর পুনর্বাসনের ওই সিন্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। কুকুরের কামড়ে অনেক সময় মা কচ্ছপ মারা পড়ছে। এ ছাড়া কাঁকড়া, শামুকসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী খেয়ে ফেলছে কুকুরের দল।
এর প্রেক্ষিতে রোববার বিকালে সেন্ট মার্টিন জেটিঘাট এলাকা দিয়ে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। জাল ও ফাঁদ দিয়ে ৩৬টি কুকুর আটক করা হয়। এ সব কুকুরকে লোহার খাঁচায় বন্দি করে টেকনাফে এনে বিভিন্ন স্থানে পুনর্বাসন করার কথা ছিল।
কিন্তু প্রতিবাদের মুখে ৩৬টি কুকুরকে সোমবার ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, “সেন্ট মার্টিনে প্রায় সাড়ে ১০ হাজার মানুষের বসবাস। এর পাশাপাশি পর্যটন মৌসুমে প্রতিদিন ৬-৭ হাজার পর্যটক দ্বীপে বেড়াতে আসেন।
“দ্বীপে তিন হাজারের বেশি বেওয়ারিশ কুকুর আছে। ফলে প্রতিনিয়ত পর্যটক ও সাধারণ মানুষ কুকুর আতঙ্কে থাকেন।”
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক বলেন, “প্রাণিকল্যাণ আইন ২০১৯-এর ৭ নম্বর ধারা অনুযায়ী কোনো মালিকবিহীন প্রাণী হত্যা বা অপসারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
উল্লেখ্য যে, সেন্ট মার্টিন থেকে প্রায় তিন হাজার বেওয়ারিশ কুকুর অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল। গতকাল রোববার থেকে টেকনাফ উপজেলা প্রশাসন সেখান থেকে খাঁচায় বন্দী করে কুকুরগুলো নিয়ে আসার কাজ শুরুও করেছিল। দীর্ঘদিন ধরে সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের উৎপাতে পর্যটক ও স্থানীয়রা অতিষ্ঠ ছিল বলে জানান সংশ্লিষ্টরা।
-B










