ডলারের দাম নেমেছে ১০৯ টাকায়, মজুতকারীদের মাথায় হাত

ঢাকাঃ অতি মুনাফার আশায় যারা খোলাবাজার থেকে ১২০ টাকায় ডলার কিনেছিলেন তাদের এখন মাথায় হাত কেননা ডলারের দাম ১০৯ টাকায় নেমে এসেছে। শক্তিশালী হতে শুরু করেছে টাকা।
ব্যবসায়ীদের মতে বাজারে আমেরিকান মুদ্রা ডলারের সরবরাহ বেশ বেড়েছে। কেউ ডলার কিনতে আসছেন না। তাই যারা অধিক মুনাফার আশায় ডলার কিনে মজুত করেছিলেন, তারা সবাই এখন বিক্রি করতে আসছেন। সে কারণেই দুর্বল হচ্ছে ডলার, মান বাড়ছে টাকার।
আগামী সপ্তাহের মধ্যে ডলারের দর ১০৫ টাকায় নেমে আসবে বলে মনে করছেন তারা।
১৭ আগস্ট সকালে খোলাবাজারে প্রতি ডলারের জন্য ১১০ টাকা নিয়েছিলেন ব্যবসায়ীরা; বিকেলে তা ১০৯ টাকায় নেমে আসে। ১৬ আগস্ট প্রতি ডলার ১১৩ টাকা ২০ পয়সা থেকে ১১৩ টাকা ৩০ পয়সায় বিক্রি হয়েছিল। ১৪ আগস্ট প্রতি ডলারের জন্য ১১৪ টাকা ৫০ পয়সা নিয়েছিলেন ব্যবসায়ীরা।
আমদানি কমায় ডলারের চাহিদা কমে এসেছে। সে কারণে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় দর কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যাংকগুলোও নগদ ডলারের দাম কমাতে শুরু করেছে।
বেসরকারি সিটি ব্যাংক ১৬ আগস্ট প্রতি ডলারের জন্য নিয়েছিল ১০৯ টাকা ৫০ পয়সা। ১৭ আগস্ট নিয়েছে ১০৮ টাকা ৫০ পয়সা। তবে অন্য ব্যাংকগুলো আগের দামেই নগদ ডলার বিক্রি করছে।
খোলাবাজারে গত সপ্তাহে ডলারের দর এক লাফে ১২০ টাকায় উঠেছিল। ১১ আগস্ট তা এক টাকা কমে বিক্রি হয় ১১৯ টাকায়। এর পর থেকে টাকার বিপরীতে প্রতিদিনই কমছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের দর।
- T










