বাজারে এল দেশীয় ব্র্যান্ডের ইলেকট্রিক কার ‘পালকি’

রাইট শেয়ার বা সিএনজিচালিত অটোরিকশার বিকল্প হিসেবে বাজারে এসেছে পালকি ব্র্যান্ডের ইলেকট্রিক প্রাইভেট কার।
রাজধানীর উত্তর বাড্ডায় নিজস্ব কারখানায় এসব কার তৈরি করা হয়। পালকি মোটরস লিমিটেড এরই মধ্যে ২২টি প্রাইভেট কারের ক্রয়াদেশ পেয়েছে। পুরো বছরে ১০০টি গাড়ি উৎপাদনের মধ্য দিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ইলেকট্রিক কার যুগে শক্ত অবস্থান গড়তে চায় প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ের সামনে পালকির ‘সিটিবয় এলএফপি’ মডেলের প্রাইভেট কার উন্মোচন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পালকির সহপ্রতিষ্ঠাতা ও সিইও মুস্তাফা আল মোমিন জানান, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে তার মাথায় এ ধারণা আসে। এরপর দেশে ফিরে ২০১৭ সালে স্টার্টআপ বিজনেস শুরু করেন।
তিনি বলেন, ব্যক্তিগত ব্যবহারের জন্য বিআরটিএ ইলেকট্রিক গাড়ির লাইসেন্স দেয়। এটির বাজারদর ৬ লাখ ৬০ হাজার টাকা। ২ লাখ টাকা ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতে মিলবে এই গাড়ি। অল্প সময়ে বিদ্যুতে চার্জসহ পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে। চার মডেলের গাড়ির সর্বনিম্ন ৩৫ কিলোমিটার আর সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতি থাকবে। ভারত ও চীন থেকে মোটরসহ কিছু যন্ত্রাংশ কেনা ছাড়া পুরোটাই দেশেই তৈরি হয়েছে।
-B










