দুবাই আবারও বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর

লন্ডনের হিথ্রো বিমানবন্দরকে পেছনে ফেলে সদ্য সমাপ্ত বছর ডিসেম্বরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আবারো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের স্বীকৃতি লাভ করেছে।
বিশ্বব্যাপী ভ্রমণ তথ্য সরবরাহকারী সংস্থা ওএজি মাসভিত্তিতে এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের আসন সক্ষমতা ও ফ্লাইটের সংখ্যা দিয়ে এটি নির্ধারণ করে থাকে।
৩৫ লাখ ৪০ হাজার আসন সক্ষমতা নিয়ে দুবাই শীর্ষস্থান ধরে রেখেছে। এ সংখ্যা দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হিথরো থেকে প্রায় ১০ লাখ বেশি। এছাড়া শীর্ষ পাঁচ ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফল, ফ্রান্সের শাল দে গৌল ও ইস্তাম্বুল বিমানবন্দর।
২০২১ সালের বার্ষিক যাত্রী সংখ্যার পূর্বাভাস দুই লাখ বাড়িয়ে ২ কোটি ৮৭ লাখ নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরটি। চলতি বছর ৫ কোটি ৭০ লাখ যাত্রী পারাপার হবে বলে আশা কর্তৃপক্ষের। যাত্রীর ভিড় বাড়ায় আসনের সক্ষমতাও বাড়িয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। গত বছর নভেম্বরের তুলনায় ডিসেম্বরে ১৫ শতাংশ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আসন বাড়ানো হয়েছে পাঁচ লাখ।
বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে ছুটির মৌসুমে ভ্রমণকারীদের সংখ্যা বেড়েছে। তাই ভিড় বেড়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। ওএজির তথ্যমতে, গত বছর ডিসেম্বরে বিমানবন্দরের জন্য ব্যস্ততম রুটটি ছিল দুবাই-রিয়াদ। এর পরই রয়েছে কায়রো-জেদ্দা ও দুবাই-লন্ডন হিথরো।










