আকাশপথে ঈদের টিকিট বিক্রি চলছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইতোমধ্যে দেশের অভ্যন্তরীণ রুটের ৩০ ভাগ ফ্লাইটের টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামী দুই-তিনদিনের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ ভাগ টিকিট বিক্রি শেষ হতে পারে বলে ধারণা এয়ারলাইন্সগুলোর।
এয়ারলাইন্সগুলো বলছে, ঈদে শান্তিতে বাড়ি ফেরার জন্য ৫-৬ বছর ধরেই আকাশপথকে বেছে নিচ্ছেন যাত্রীরা। আগে ঈদের ১৫ থেকে ২০ দিন আগেই সব টিকিট বিক্রি হয়ে যেতো। তবে গত দুই বছর লকডাউনের কারণে অনেকেই বাড়ি যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দে ছিলেন। স্বস্তিতে বাড়ি ফিরতে পারেননি। এবার বাড়িফেরা নিয়ে কারো কোন শঙ্কা নেই। তাই আগামী সপ্তাহের মধ্যে সব টিকেট শেষ হবে বলে ধারণা তাদের।
এয়ারলাইন্সগুলো বলছে, আকাশপথের যাতায়াতকারীদের অধিকাংশই একটু সচেতন বেশি, তারা আগেভাগেই ঢাকা ত্যাগ করতে চান। তাই অন্যান্য বার ঈদের ২ বা ১ দিন আগের টিকিটের চাহিদা বেশি থাকলেও এবার ২৬ বা ২৭ রমজানে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটের টিকিট বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও ঈদের ২য় দিন থেকে পরবর্তী ১০-১২ দিন ঢাকা থেকে কক্সবাজার ও সিলেট রুটের টিকিটের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, তারা আরও একমাস আগ থেকেই ঈদের সময়ের টিকিট বিক্রি শুরু করেছেন। এপ্রিলের ২৯ এবং ৩০ তারিখের রাজশাহী, যশোর ও সৈয়দপুর রুটে বিমানের টিকিটের চাহিদা বেশি। এছাড়াও ঈদের ২য় দিন থেকে পরবর্তী ৭ থেকে ১০ দিন কক্সবাজার ও সিলেটের টিকিটের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে।










