আট মাস পর পর্যটক নিয়ে জাহাজ কেয়ারি সেন্টমার্টিনে

দীর্ঘ প্রায় আট মাস পর ৩১০ পর্যটক নিয়ে পরীক্ষামূলকভাবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যাত্রা করল পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন।
আজ সকাল সাড়ে ৯টায় টেকনাফের দমদমিয়া জেটি ঘাট দিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজটি ছেড়ে যায়।
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে আজ মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনকে চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান বাংলাদেশ মনিটরকে এ তথ্য নিশ্চিত করে বলেন শুধুমাত্র এই একটি জাহাজই পরীক্ষামূলকভাবে চলবে।
সাগর উত্তাল থাকার পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন ও সেন্টমার্টিন-কক্সবাজার—দুটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় স্থানীয় জেলা প্রশাসন। ওই সময় এ দুটি নৌপথে ১০টি জাহাজ চলাচল করছিল। এর মধ্যে ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে পর্যটক ওঠা–নামার জেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল জেটির মেরামত কাজ পরিদর্শন করেন। তদারকের পাশাপাশি লোহার পাটাতন বসানোর কাজ চলার কারণে এত দিন ধরে পর্যটকবাহী জাহাজগুলোকে অনুমতি দেওয়া হয়নি।
আবু সুফিয়ান জানান,পর্যটকদের নিরাপত্তা ও জেটির মেরামত কাজ পর্যবেক্ষণ করার পর পর্যায়ক্রমে অবস্থা বুঝে অন্য জাহাজগুলোকে অনুমতি দেওয়া হবে।










