চট্টগ্রামে নভোএয়ারের জরুরি অবতরণ

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হওয়া নভোএয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। পরে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় ফ্লাইটটি চট্টগ্রাম থেকে কক্সবাজার বিমানবন্দরে গিয়ে অবতরণ করে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে। এর আগে বিকেল ৪টা ৩৪ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।
ফ্লাইটে থাকা এক যাত্রী বলেন, ঢাকা থেকে ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে রওনা হবার পর কক্সবাজারের দিকে এসে বেশ কয়েকবার অবতরণের চেষ্টা করে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি। একটু ভয়ে ছিলাম। পরে ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।
কর্তৃপক্ষ অবহিত করেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। তবে ফ্লাইট ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা হয়, যা ৭ টা ১৫ মিনিটে নিরাপদে কক্সবাজার অবতরণ করেছে।
কক্সবাজারে নভোএয়ারের দায়িত্বরত কর্মকর্তা সরওয়ার জানান, বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছিল। কিন্তু বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা হয় এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে। যাত্রীরা সবাই নিরাপদ রয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসাইন বলেন, বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ারের ভিকিউ৯৩৩ ফ্লাইটটি ৭৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট অবতরণ করতে পারেনি। অবতরণ করার চেষ্টাও করেছিল কিন্তু তা সম্ভব হয়নি। তাই যাত্রীসহ ফ্লাইটটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটটি যাত্রীদের নিয়ে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে কক্সবাজারে অবতরণ করে।
-B










