ভরা মৌসুমেও ফাঁকা সাগরকন্যা, হতাশ পর্যটন ব্যবসায়ীরা

পটুয়াখালী : ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে প্রতি বছর পর্যটকের ঢলে মুখর থাকে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা।
কিন্তু এ বছর সেই চিরচেনা চিত্র নেই। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা, আর পর্যটকের ওপর নির্ভরশীল হোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন চরম লোকসানে—অনেকেরই এখন দিন কাটছে অনিশ্চয়তা ও হতাশায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে বিরাজ করছে এমন স্থবির অবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা।
অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের অনেক উদ্যোক্তাই পড়েছেন আর্থিক সংকটে।
বেঞ্চি ব্যবসায়ী মো ইয়াসিন বলেন, নির্বাচনের কারনে গত দুই সপ্তাহ যাবৎ কুয়াকাটায় পর্যটক একেবারে নাই বল্লেই চলে। তারপর আবার সামনে রমজান।
ঢাকা থেকে আাসা দম্পতি পর্যটক শামীম ও রুবিনা বলেন, নির্বাচনে ভোট দিয়ে কালকে কুয়াকাটায় তাড়াহুড়ো করে আসলাম ভালোবাসা দিবসের জন্য। এসে দেখি কোনো পর্যটক নেই।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. মোতালেব শরীফ জানান, নির্বাচনের কারনে পর্যটক নেই, রমজানের কারনে সামনে আরো কমে যাবে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, বর্তমানে পর্যটক নাই বল্লেই চলে। তারপর পর্যটকদের সেবায় পৌর প্রশাসন, টুরিস্ট পুলিশ, মহিপুর থানা পুলিশ নিয়োজিত আছেন।
-B










