অবশেষে মধ্যপ্রাচ্যের ভাড়া কমালো বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ অবশেষে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে ।
আগামী ১৬ জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকিট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে। তবে ভাড়ার নিম্নস্তর চালু থাকবে।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় পতাকাবাহী এই বিমান সংস্থা।
ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-রিয়াদ/দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে।
ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ যে, প্রবাসী বাংলাদেশিরা, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ'র ব্যানারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে উড়োজাহাজের টিকিটের দাম কমানোর দাবিতে মানববন্ধন, ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ভাড়া কমানোর দাবিতে আন্দোলন করে আসছিলো।










