সাবরং ট্যুরিজম পার্ক ভূমি উন্নয়নে ব্যয় ১৮০ কোটি টাকা

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ও অন্যান্য অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সাবরং ট্যুরিজম পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সংস্থার নিজস্ব অর্থায়নেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের শুধু ভূমি উন্নয়নেই ব্যয় হবে ১৮০ কোটি টাকা।
ভূমি উন্নয়নের কাজটি করবে যৌথভাবে ঠিকাদার প্রতিষ্ঠান টিডিসি ও জেডএইচইসি। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কমিটির আগামী বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।
জানা যায়, বেজা’র নিজস্ব অর্থয়নে গৃহীত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর ও অন্যান্য অর্থনৈতিক অঞ্চলে অককাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পটি আগামী ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯৬ কোটি ২০ লাখ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকল্পটি অনুমোদনও দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ‘সাবরং ট্যুরিজম পার্ক’-এর ভূমি উন্নয়নের জন্য ড্রেজিংয়ের মাধ্যমে ৫৪ লাখ ৯৫ হাজার ৪৪০ দশমিক ৭৩ ঘনমিটার মাটি ভরাটের জন্য একটি প্যাকেজ কাজ অন্তর্ভূক্ত রয়েছে। কাজটি বাস্তবায়নের জন্য অনুমোদিত ডিপিপি-তে ১৮০ কোটি ৯৫ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে।
প্রস্তাবের সার-সংক্ষেপে বলা হয়েছে, প্যাকেজটি বেজা’র ২০২০-২০২১ অর্থবছরের অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনায় (এপিপি) অন্তর্ভূক্ত ছিল। বেজা’র দাপ্তরিক প্রাক্কলন কমিটি কর্তৃক উল্লেখিত কাজের প্রাক্কলিত মূল্য ১৮০ কোটি ৯৫ লাখ টাকা নির্ধারণ করা হয়। প্রস্তাবিত কাজ ক্রয়ের লক্ষ্যে পিপিআির-২০০৮-এর বিধি ৮৪(ক) অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতির এক পর্যায় দুই খাম দরপত্র পদ্ধতি অনুসরণের মাধ্যমে দরপত্র দলিলাদি প্রস্তুত করে পিপিআর-২০০৮-এর বিধি ৯০(৩) অনুযায়ী গত ২০২১ সালের ১৬ মে তারিখে দরপত্র আহ্বান করা হয়।
জানা গেছে, করোনার কারনে দুইবার দরপত্রের তারিখ পরিবর্তন করা হয়। সর্বশেষ ২০২১ সালের ২৫ আগস্ট তারিখে ২টি দরপত্র গৃহীত হয়। ঐ দিনই দরপত্র উন্মুক্ত কমিটি (টিওসি) দরপত্র উন্মুক্ত করে তা দরপত্র মূল্যায়ন কমিটির কাছে পাঠানো হয়। দরপত্র মূল্যায়ন কমিটির সভায় টিডিসি-জেডএইচইসি জেভি এবং সিসিইসিস-জেএইচসিইসি জেভি টেকনিকালি রেসপন্সিভ হয়। এরপর কারিগরি ও আর্থিক যৌথ মূল্যায়নে ‘টিডিসি- জেডএইচইসি’ জেভি ভ্যাট ও ট্যাক্সসহ মোট ১৮০ কোটি ৭৯ লাখ ৯ হাজার টাকা দরে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। সার্বিক মূল্যায়নের ভিত্তিতে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক ১ম সর্বনিম্ন দরদাতা টিডিসি-জেডএইচইসি জেভি-এর দরপত্রটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে।
-B










