দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

কারিগরি পরামর্শক কমিটির ৪৮তম সভায় বিশদ আলোচনার পর দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে যেসব দেশে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে সেসব দেশে যাত্রীদের আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা জারিসহ চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
এই ঘোষণার পরপরই দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বাংলাদেশের সঙ্গে আফ্রিকার দেশগুলোর সরাসরি যোগাযোগ না থাকলেও যারা আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে দেশে আসবে তাদের স্ক্রিনিংয়ের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের বলেন, ‘ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের সঙ্গেও সতর্কতা ব্যবস্থা নিয়ে কথা বলেছি। পাশাপাশি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদের যেসব নির্দেশনা দেওয়া হবে, আমরা সেগুলো বাস্তবায়ন করব। আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশে প্রবেশ করা প্রত্যেককে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে। যাত্রীদের প্রতি আমার অনুরোধ তারা যেন অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্ক হন। এছাড়াও বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের সরকারের নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ করছি।’
গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয়। একদিন পর এই ধরনকে ওমিক্রন নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় সুইজারল্যান্ডে সরকারি সফরে যাত্রা করেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।










