সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে মধ্যরাতে আগুন

সিলেট : জেলার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিমানবন্দরে আগুন লাগার ব্যাপারটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের পরিদর্শক যীশু তালুকদার।
তিনি জানান, রবিবার রাত ১১টা ৩৩ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের সদস্যদের সূত্রে জানা গেছে, আগুনে বিমানবন্দরের দোতলায় অবস্থিত ইমিগ্রেশন সার্ভার রুম পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। আগুন নেভানোর পর প্রায় ঘণ্টাখানেক ধোঁয়া অপসারণের কাজও করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ টেলিফোনে বলেন, সব ফ্লাইট ছাড়ার পর আগুন লাগার ঘটনা ঘটেছে। তাই ফ্লাইট চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। এ ছাড়া আগুনে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতেও ফ্লাইটে কোনো প্রভাব পড়বে না।
-B










