ফ্লাইট বাতিল, যাত্রীদের বিক্ষোভ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ফ্লাইট বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেছেন গালফ এয়ারের যাত্রীরা। একপর্যায়ে গেইটের সামনেও অবস্থান নেন তারা। এতে বিপাকে পড়েন ২৮৬ যাত্রী।
রোববার রাতে (৩০ জানুয়ারি)এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের ৪ নম্বর গেইটের সামনে অবস্থান নিয়ে যাত্রীরা ‘হয়রানি মানি না, মানবো না’ -বলে স্লোগান দেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রীদের শান্ত করে রাতেই গালফ এয়ার কর্তৃপক্ষ হোটেলে পাঠায় এবং আজ (সোমবার) তাদের অন্য একটি ফ্লাইটে গন্তব্যে নেওয়ার আশ্বাস দেয়।
সূত্র আরও জানায়, গালফ এয়ারের ওই ফ্লাইটের ২৮৬ জন যাত্রীর মধ্যে শারজাহ ছাড়াও বাহরাইন ও সৌদি আরবের যাত্রীরা ছিলেন। তবে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে গালফ এয়ারের উড়োজাহাজ ঢাকায় না আসতে পারায় ফ্লাইট বাতিল হয়। আর এতেই যাত্রীরা ক্ষুব্ধ হন। পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থা যাত্রীদের শান্ত করে।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, রোববার রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। রাতেই যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে। আজ তাদের ফ্লাইট রয়েছে বলে শুনেছি।
-B










