মাঝ আকাশে উড়োজাহাজে ত্রুটি, অল্পের জন্য রক্ষা পেল ২২২ যাত্রী

শুক্রবার সন্ধ্যায় (১৫ জুলাই) শারজা থেকে কোচিগামী ‘এয়ার অ্যারাবিয়ার’ একটি উড়োজাহাজে মাঝ আকাশে হাইড্রোলিক ত্রুটি দেখা দেয়ায় কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে ২২২ যাত্রী এবং ৭ ক্রু নিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় উড়োজাহাজটি।
জানা গেছে, উড়োজাহাজটি সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে অবতরণের কথা ছিল। কিন্তু হাইড্রোলিক ত্রুটির খবর পাওয়ার পর সন্ধ্যা ৬টা ৪১ মিনিট নাগাদ কোচি বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রায় ৫০ মিনিটের উৎকণ্ঠার পর এয়ার অ্যারাবিয়া জি৯-৪২৬ বিমানটি সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর রানওয়েতে নিরাপদে অবতরণ করে। সফল অবতরণে ব্যর্থ হলে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে হতো এ ফ্লাইটের যাত্রীদের।
বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, কোচি বিমানবন্দরে ১৮:৪১ ঘণ্টায় সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। সব যাত্রী নিরাপদে আছেন।
কোচি আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজিং ডিরেক্টর এস সুহাস বলেন, একটি সমন্বিত এবং সময়োপযোগী প্রচেষ্টা বিমানবন্দরের জরুরি পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করেছে। এই ধরনের পরিস্থিতি দীর্ঘ সময় পর ঘটল।
-B










