২৭ ফেব্রুয়ারি থেকে আবার অনলাইনে কাটা যাবে বিমানের টিকিট

মনিটর রিপোর্ট
Published: February 25, 2022 | 12:00 AM2 min read

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন প্যাসেঞ্জার সার্ভিস সল্যুশন (পিএসএস) সেবা ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ‘সেবর’ নামের এ সেবার মাধ্যমে অনলাইনে টিকিট কাটা, বুকিং, চেক-ইন ও ওয়েব সার্ভিসসহ নানা সেবা পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান।
গত বছরের ১০ আগস্ট থেকে ওয়েবসাইটের মাধ্যমে বিমানের টিকিট কাটার ব্যবস্থা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে দেশি-বিদেশি বিক্রয়কেন্দ্র, অনুমোদিত ট্রাভেল এজেন্সি ও বিমান কল সেন্টারের মাধ্যমে টিকিট কেনা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পিএসএস ‘সিটা’ থেকে তথ্যভান্ডার ‘সেবর’-এ স্থানান্তর করার কারণে ২৬ ফেব্রুয়ারি বেলা পৌনে তিনটা থেকে ২৭ ফেব্রুয়ারি রাত তিনটা পর্যন্ত বিমানের সব চ্যানেল থেকে টিকিট বুকিং ও ইস্যুসংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় এ সময়ে ফ্লাইট সূচি অনুযায়ী এয়ারপোর্টে চেক-ইনসহ বিমান পরিবহন–সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে।
২৭ ফেব্রুয়ারি সকাল থেকে বিমানের সব বিক্রয়কেন্দ্র, বাণিজ্যিক ওয়েবসাইট (www.biman-airlines.com), কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত সেলস এজেন্টের মাধ্যমে রিজার্ভেশন ও টিকিট কেনার কার্যক্রম চালু হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত বছর অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা বন্ধ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ জানায়, অনলাইন টিকিট সেবা দিতে ২০১৯ সালে ট্রাভেল শপ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিমানের সমঝোতা চুক্তি হয়। ওই প্রতিষ্ঠান অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে ছিল। বিমান সার্ভারের ভাড়া পরিশোধ করছে না—অভিযোগ তুলে পরে সেবা বন্ধ করে দেয় ট্রাভেল শপ।
বিজ্ঞাপন
বিমান সূত্র জানায়, সংস্থাটির বিপণন বিভাগের সংশ্লিষ্ট কর্মী ও ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন প্যাসেঞ্জার সার্ভিস সল্যুশনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘সেবর’ চালু হলে বিমানের টিকিটিং ব্যয় কমে যাবে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনে আরও বেশি সেবা নিতে পারবেন।
-B
Spread the word










