ভারতে অর্ধেক দামে মিলবে ফ্লাইটের টিকিট
ভ্রমণপ্রেমীদের জন্য সুখরব!

করোনা আতঙ্ক কাটিয়ে প্রায় দু’বছর পর স্বাভাবিক হয়েছে ভারতের আন্তর্জাতিক উড়োজাহাজ পরিষেবা। আর তারপরই সুখবর পেলেন বিদেশগামী যাত্রীরা। ভিনদেশের টিকিটের দাম (Flight Fare) এবার প্রায় ৫০ শতাংশ কমতে চলেছে। অর্থাৎ অর্ধেক টাকা খরচ করেই এবার বিদেশ বিভুঁই ঘোরা যাবে।
দীর্ঘদিন পর আগামী ২৭ মার্চ থেকে ফের আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে ভারতে। তাই একাধিক এয়ারলাইন্স সংস্থা নিজেদের উড়োজাহাজের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা করছে।
লুত্থহান্সা গ্রুপের অন্তর্গত সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স (SWISS) ঠিক করেছে, আগামী কয়েক মাসের মধ্যেই প্লেনের সংখ্যা অনেকটা বাড়াবে তারা। পাশাপাশি যাত্রী সংখ্যা ১৭ শতাংশ বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। দেশের অতি জনপ্রিয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোও একশোর বেশি আন্তর্জাতিক বিমান পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে।
২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। করোনা যুদ্ধে অনেকটা এগিয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির (Air Bubble) মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। ৪৫টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ হয়েছিল ভারত। মাঝে আন্তর্জাতিক উড়োজাহাজ পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। অবশেষে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।
ট্রাভেল পোর্টাল Ixogi গ্রুপের প্রধান অলোক বাজপায়ী বলেন, “পরিষেবা আগের মতো স্বাভাবিক হতে চলেছে। বিভিন্ন রুটে পরিষেবা চালু হবে। তাই আশা করা হচ্ছে আন্তর্জাতিক রুটে টিকিটের দাম অনেকটাই কমবে।”
উল্লেখ্য, করোনা কালে উড়োজাহাজের সংখ্যা অনেকটা কমায় টিকিটের মূল্য আকাশ ছুঁয়েছিল। এবার বিদেশযাত্রার ক্ষেত্রে স্বস্তি ফিরবে বলেই মনে করছে উড়োজাহাজ সংস্থাগুলি।
-B










