সপ্তাহে ২ দিন কলকাতায় উড়ান,বিপাকে যাত্রীরা

দিল্লি ও মুম্বই থেকে আপাতত সপ্তাহে শুধু সোম ও শুক্রবার উড়ান আসবে কলকাতায়। রাজ্য সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রী। ওই দু’দিন ছাড়া সপ্তাহের অন্যান্য দিন কলকাতায় পৌঁছতে হলে অন্যান্য শহর ঘুরে কলকাতায় পৌঁছতে হবে। তাতে ঝক্কি অনেক। উড়ান সংস্থাগুলির অভিযোগ, বিমান প্রধানত মুম্বই, দিল্লি থেকে কলকাতায় এসে ফিরতি পথে এখান থেকে যাত্রী তুলে নিয়ে যায়। ফলে সপ্তাহে ওই দু’দিন ছাড়া অন্য কোনও দিন তাদের পক্ষে শুধু কলকাতা-দিল্লি বা কলকাতা-মুম্বই, এই এক পিঠে উড়ান চালানো মুশকিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কলকাতা থেকে সপ্তাহে সাত দিন উড়ান চালানোর অনুমতি থাকলেও তারা সপ্তাহে দু’দিনই উড়ান চালাবে। শুধু আটকে পড়া যাত্রীদের নিয়ে সপ্তাহে দু’দিন যাতায়াত করার জন্য বড় বিমান চালানো হতে পারে বলে জানিয়েছে উড়ান সংস্থা।
সোমবার সন্ধ্যায় কয়েকটি উড়ান সংস্থার কর্তারা জানান, রাজ্য সরকার এই বিধিনিষেধের কথা কেন্দ্রীয় বিমান মন্ত্রককে জানিয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী বিমান মন্ত্রক সব উড়ান সংস্থাকে নির্দেশ দিলে তবেই তারা সেটা মানবে। কয়েকটি উড়ান সংস্থার কর্তাদের দাবি, সোমবার রাত পর্যন্ত তাঁদের কাছে সেই নির্দেশিকা এসে পৌঁছয়নি। ফলে, তাঁরা এখনও উড়ান সূচিতে কোনও রদবদল করেননি।
দিল্লি থেকে এক কর্তার অভিযোগ, “এই সিদ্ধান্ত নিয়ে কী লাভ হল? ট্রেন চলছে। তাতে দিল্লি, মুম্বই থেকে লোকে কলকাতায় যাচ্ছে। তা ছাড়া বাকি শহরগুলো থেকে উড়ান চলবে। করোনা কি শুধু দিল্লি, মুম্বইয়ে আছে? আগের মতো সপ্তাহে বাকি পাঁচ দিন যাত্রীদের দিল্লি ও মুম্বই থেকে ভুবনেশ্বর, নাগপুরের মতো অন্য শহর ঘুরে কলকাতায় যেতে হবে। তাঁদের কী করে আটকানো হবে?”
তবে ইন্ডিগোর এক কর্তা জানান, তাঁরা ইতিমধ্যেই সপ্তাহে পাঁচ দিন দিল্লি ও মুম্বই থেকে কলকাতামুখী সব উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। ওই পাঁচ দিন কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ে ঠিক ক’টি উড়ান চালানো হবে, সেই বিষয়ে এখনও হিসেবনিকেশ চলছে।










