ইস্টার ঘিরে বিশ্ব চকলেট বাজার সরগরম

ঢাকাঃ খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে ঘিরে বিশ্বের চকোলেট উৎপাদন ও রফতানিতে ইউরোপের দেশগুলো নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে।
কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উৎপাদন খরচ বাড়লেও চকোলেট প্রক্রিয়াজাতে ইউরোপ এখনো অপ্রতিদ্বন্দ্বী। বিশেষ করে জার্মানি ও বেলজিয়ামের মতো দেশগুলো একটি শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্কের মাধ্যমে বিশ্ববাজার নিয়ন্ত্রণ করছে।
এক প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইউরোপীয় চকোলেট বাজারের মূল্য ছিল প্রায় ৫ হাজার ২০০ কোটি ডলার। ধারণা করা হচ্ছে, চলতি বছরে এ বাজার আরো সম্প্রসারণ হবে।
ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত কোকো বিন আমদানিকারক অঞ্চল। চকোলেট তৈরির প্রধান উপাদান কোকো বাটার ও পাউডার আমদানিতেও মহাদেশটি সবার শীর্ষে অবস্থান করছে। ইউরোপের এ বিশাল শিল্পের নেতৃত্বে রয়েছে জার্মানি।
২০২৫ সালের তথ্যানুযায়ী, জার্মানিতে চকোলেট ও কোকো পণ্যের বিক্রিমূল্য ছিল প্রায় ৯৪২ কোটি ইউরো। দেশটি প্রতি বছর ৪০ লাখ টনেরও বেশি কোকোজাতীয় পণ্য রফতানি করে। সাধারণ চকোলেট থেকে শুরু করে উৎসবের দামি চকোলেট সবই তৈরি হয় জার্মানিতে।
জার্মানির পরেই শক্ত অবস্থানে রয়েছে বেলজিয়াম। দেশটি মূলত প্রিমিয়াম বা উন্নত মানের চকোলেটের জন্য বিখ্যাত। গত বছর বেলজিয়ামের চকোলেট রফতানির পরিমাণ ছিল প্রায় ৩০৪ কোটি ইউরো। বেলজিয়ামের প্রালিনস ও লাক্সারি চকোলেট ডিম বিশ্বজুড়ে মানসম্মত চকোলেটের প্রতীক হিসেবে স্বীকৃত।
এদিকে চকোলেট শিল্পের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে পোল্যান্ড। বর্তমানে এটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তৃতীয় বৃহত্তম রফতানিকারক দেশ।
২০২৫ সালে পোল্যান্ডের চকোলেট রফতানির মূল্য ছিল প্রায় ২৪৯ কোটি ইউরো। আধুনিক কারখানা ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি দ্রুত উন্নতি করছে।
এছাড়া নেদারল্যান্ডস এ শিল্পের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। যদিও তারা সরাসরি চকোলেট কম রফতানি করে, কিন্তু দেশটি বিশ্বের বৃহত্তম কোকো বিন প্রক্রিয়াজাতকারী।
আমস্টারডাম বন্দরের মাধ্যমে কাঁচামাল আমদানির পর তা জার্মানি ও পোল্যান্ডের কারখানায় সরবরাহ করা হয়।
তবে সরবরাহ সংকট ও উৎপাদন খরচ বাড়ায় এ বছর চকোলেটের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে উৎসবের মৌসুমে ক্রেতাদের বাড়তি দামে চকোলেট কিনতে হচ্ছে। তবু বিশ্ববাজারে ইউরোপের এ আধিপত্য কমার কোনো লক্ষণ নেই। চকোলেটের বিশ্বব্যাপী চাহিদা বাড়তে থাকায় ইউরোপের দেশগুলো তাদের শীর্ষস্থান ধরে রাখতে বদ্ধপরিকর।
-B










