পর্যটন খাতে অপচয় কমাতে বৈশ্বিক উদ্যোগ

ঢাকাঃ আন্তর্জাতিক বর্জ্যমুক্ত দিবস উপলক্ষে জাতিসংঘ পর্যটন সংস্থা (ইউএন ট্যুরিজম) ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) যৌথভাবে ‘রেসিপি অফ চেঞ্জ’ নামে একটি বৈশ্বিক উদ্যোগ চালু করেছে।
এর লক্ষ্য পর্যটন খাতে খাদ্য অপচয় কমানো এবং টেকসই অনুশীলন প্রাতিষ্ঠানিক করা। বিশ্বজুড়ে প্রতি বছর ৬০ কোটিরও বেশি অতিথিকে সেবা দেওয়া এই খাতকে একত্রিত করে উদ্যোগটি পরিবেশগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে।
বিশ্বে উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ নষ্ট হয়, যা গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় ১০ শতাংশের জন্য দায়ী, অন্যদিকে প্রতিদিন ২৩০ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ খাতে এ অপচয় বেশি হওয়ায় উদ্যোগটি তা কমাতে কার্যকর সমাধান হিসেবে সামনে এসেছে।
এই কর্মসূচি এসডিজি ১২.৩ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে খাদ্য অপচয় অর্ধেকে নামানোর লক্ষ্যে কাজ করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অপচয় পরিমাপ, মেন্যু পুনর্গঠন, পরিবেশন নিয়ন্ত্রণ, অবশিষ্ট খাবার ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেবে।
ইতোমধ্যে হিলটন, অ্যাকর, টিইউআই, র্যাডিসন, আইবেরোস্টার, মেলিয়া, ক্লাব মেড ও সিক্স সেন্সেসসহ ১৪টি বড় প্রতিষ্ঠান এতে যুক্ত হয়েছে, যাদের সম্মিলিত বার্ষিক আয় ৫৬.৫ বিলিয়ন ডলারের বেশি এবং তারা প্রায় ৬০ কোটি অতিথিকে সেবা দেয়।
ইউএন ট্যুরিজমের সেক্রেটারি-জেনারেল শাইখা আল নুওয়াইস খাদ্য অপচয় কমাতে জরুরি পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
ইউএনইপির শীলা আগরওয়াল-খান জানান, স্মার্ট কৌশল ও মেন্যু ব্যবস্থাপনায় অপচয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
উদ্যোগটি হিলটন ও উইনাও-এর ‘গ্রিন রমজান’ অভিযানের সাফল্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে খাদ্য অপচয় ৬০ শতাংশের বেশি কমানো সম্ভব হয়েছিল।
খাদ্য অপচয় কমানো পরিবেশ সুরক্ষার পাশাপাশি ব্যয় হ্রাস, সরবরাহ চেইন শক্তিশালীকরণ এবং খাদ্য নিরাপত্তা উন্নত করবে। আয়োজকরা আরও প্রতিষ্ঠানকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
‘রেসিপি অফ চেঞ্জ’ পর্যটন খাতে টেকসই ও দায়িত্বশীল ভবিষ্যৎ গড়ার একটি নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জন্যও সম্ভাবনাময়।
-B










