হজযাত্রী পরিবহন - অতি:১০ ফ্লাইটের অনুমতি পেল বাংলাদেশ

সৌদি আরব সরকারের কাছ থেকে অতিরিক্ত ১০টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বাংলাদেশ। এ সিদ্ধান্তের ফলে সাড়ে ৬ হাজার হজযাত্রীর অনিশ্চয়তার অবসান হলো। গতকাল মঙ্গলবার ১০টি ফ্লাইটের স্লট পরিচালনার জন্য বাংলাদেশকে অনুমতি দেয় সৌদি সিভিল এভিয়েশন (জিএসিএ)। যদিও ধর্ম মন্ত্রণালয় ৮টি ফ্লাইটের স্লট ব্যবহার করবে। ফলে নিবন্ধিত হজযাত্রীদের সৌদি যেতে আর কোনো বাধা থাকল না।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার গণমাধ্যমকে বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে ১০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি পেয়েছি। তবে বাতিল ফ্লাইটের হজযাত্রীদের বহন করতে আপাতত ৮টি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি এবং তা ২২ জুনের মধ্যেই হবে।
ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জুন) ভোর পর্যন্ত বাংলাদেশ ‘বিমান’, সৌদিয়া’ ও ‘ফ্লাইনাস’ এই ৩টি এয়ারলাইন্সের ২৭১টি ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ১ লাখ ২ হাজার ৬০ জন হজযাত্রী। এখনো বাকি রয়েছে ২০ হাজারের বেশি হজযাত্রী। আগামীকালের মধ্যে এসব হজযাত্রীকে সৌদিতে পৌঁছে দেবে এই তিনটি এয়ারলাইনস। তবে এজন্য কতটি ফ্লাইট পরিচালনা করা হবে তা জানা সম্ভব হয়নি।
জানা গেছে, হজযাত্রী সংকটের কারণে ২৩টি ফ্লাইট বাতিল হয়েছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি ও সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট বাতিল হয়। এছাড়া অনেক ফ্লাইট আসন খালি রেখে সৌদি আরব গেছে। প্রথম দিনই ১৪০ আসন খালি রেখে বিমান যাত্রা করেছিল। এসব কারণে শেষ সময়ে এসে প্রায় ৬ হাজার ৫০০ জন হজযাত্রীকে সৌদিতে পৌঁছে দিতে অতিরিক্ত ১০টি ফ্লাইটের অনুমতি চায় ধর্ম মন্ত্রণালয়। বিষয়টি সৌদি রাষ্ট্রদূতকে দিয়ে বলা হয় সৌদির ওমরাহ ও হজ মন্ত্রীকে। অবশেষে অনুমতিও মিলেছে দেশটির পক্ষ থেকে।
এদিকে মঙ্গলবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী রয়েছেন ৯১ হাজার ৮০২ জন।
-B










