সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু

ঢাকাঃ বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স (Training Instructors Course) আজ রবিবার (৫ এপ্রিল -২০২৬) উদ্বোধন করা হয়েছে।
৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলমান এ কোর্সের মূল লক্ষ্য দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ প্রশিক্ষক তৈরি করা এবং প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি।
কোর্সটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ICAO প্রত্যয়নপ্রাপ্ত প্রশিক্ষক এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান মিয়াজী, উপ-পরিচালক (এটিএম), সিভিল এভিয়েশন একাডেমি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে এভিয়েশন খাত অত্যন্ত প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। এই প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স আমাদের প্রশিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ICAO-এর আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করা গেলে দেশের এভিয়েশন খাত আরও আধুনিক, দক্ষ ও নিরাপদ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “মানসম্পন্ন প্রশিক্ষক তৈরি ছাড়া এভিয়েশন খাতে টেকসই মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের কোর্স প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগও সৃষ্টি করবে।”
কোর্সটির প্রশিক্ষক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, “এই কোর্সটি ICAO-এর দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ পদ্ধতির ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। অংশগ্রহণকারীরা এখানে আধুনিক প্রশিক্ষণ কৌশল, কার্যকর উপস্থাপন দক্ষতা, মূল্যায়ন পদ্ধতি এবং প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন।”
তিনি আরও উল্লেখ করেন, “এই কোর্স সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে প্রশিক্ষকরা আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করতে সক্ষম হবেন, যা দেশের এভিয়েশন সেক্টরের সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উল্লেখ্য, ৫ দিনব্যাপী আয়োজিত এই কোর্সে বেবিচক এর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা ICAO নির্ধারিত মান অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনার সক্ষমতা অর্জন করবেন এবং ICAO কর্তৃক সনদ লাভ করবেন, যা দেশের বেসামরিক বিমান চলাচল খাতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে এই আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।
-B










